কালীগঞ্জে ৪২ শিক্ষার্থী পেল হিরো উমেন স্কলারশিপ

স্ট্যাফ রিপোর্টারঃ
“শিক্ষা বৃত্তি বাল্যবিবাহ বন্ধে সহায়ক”—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে হিরো উমেন স্কলারশিপ বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলার বলিদাপাড়াস্থ সুনিকেতন সেমিনার কক্ষে বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের (বিবিএফ) আয়োজনে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। সুনিকেতন পাঠশালার সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব রোকেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দিন, আলহাজ্ব আমজাদ আলী ও ফাইজুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা বাবু প্রভাত কুমার ব্যানার্জী, মাওলানা ওলিউর রহমান, বিএনএসকেএসের সভানেত্রী মনোয়ারা খাতুন, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, হুমায়ুন কবির সোহাগ এবং বিবিএফের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশসহ অন্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আর্থিক সংকটের কারণে যেসব শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, তাদের জন্য এ ধরনের সহায়তা আশার আলো সৃষ্টি করে। একই সঙ্গে মেয়েদের শিক্ষায় উৎসাহিত করার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধেও শিক্ষা বৃত্তি কার্যকর ভূমিকা রাখতে পারে।
হিরো উমেন স্কলারশিপ কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলার স্কুল পর্যায়ের ১৭ জন এবং কলেজ পর্যায়ের ২৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ বছর মোট ৪২ জন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় এসেছে।
বৃত্তির আওতায় স্কুল পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ৫০০ টাকা করে ছয় মাসের জন্য মোট ৩ হাজার টাকা এবং কলেজ পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীকে মাসে ৬০০ টাকা করে ছয় মাসের জন্য মোট ৩ হাজার ৬০০ টাকা প্রদান করা হয়।
বৃত্তি পেয়ে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে। আয়োজকরা জানান, আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং মেয়েদের শিক্ষা অব্যাহত রাখার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা করা হবে।



