ঝিনাইদহের খবর

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে মানববন্ধন

বাবুল আক্তার:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তার অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রোববার (৫ জুলাই) সকাল ৯টায় বিদ্যালয় মাঠে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুলসংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা ব্যানার-ফেস্টুন হাতে অংশ নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পাল দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের দাবি, অতীতে বিভিন্ন অভিযোগে তিনি একাধিকবার সাময়িক বরখাস্ত হলেও পরবর্তীতে আবারও স্বপদে বহাল হন। অভিযোগকারীদের ভাষ্য, এসব ঘটনার পরও বিদ্যালয়ে অনিয়ম বন্ধ হয়নি; বরং শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা জানান, এ অবস্থায় অনেক পরিবার তাদের সন্তানদের গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি না করে কালীগঞ্জ ও কোলাবাজার ইউনাইটেড হাইস্কুলসহ আশপাশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়মের কোনো স্থান নেই। শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় এবং বিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

কর্মসূচি থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে, বিদ্যালয়ের সুনাম রক্ষা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

তবে এ বিষয়ে প্রধান শিক্ষক চিত্তরঞ্জন পালের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Show More

Related Articles

Back to top button