কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর লাশ উদ্ধার

ঝিনাইদহ অফিস:
ঝিনাইদহের কোটচাঁদপুরে নিখোঁজের চার দিন পর পুকুর থেকে মফিজুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হরিন্দিয়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
গ্রামবাসী পিন্টু মন্ডল জানান, গত সোমবার (১৬ মে) মফিজুল ইসলাম বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন। দিনভর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের চার দিন পর আজ বৃহস্পতিবার পুকুরের পানিতে তার লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনাসত্য নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হোসেন আলী বলেন, “মফিজুল কিছুটা প্রতিবন্ধী ছিলেন এবং দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুরে মাছ ধরতে নেমে মৃগী রোগের খিঁচুনি ওঠায় তিনি পানিতে ডুবে মারা গেছেন।”
খবর পেয়ে কোটচাঁদপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।



