ঝিনাইদহের খবর

কালীগঞ্জে নায়েব আলী হত্যা: ছেলের মৃত্যুদণ্ড, বাবার যাবজ্জীবন

স্ট্যাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জে চাঞ্চল্যকর নায়েব আলী হত্যা মামলায় ছেলে আলামিনকে মৃত্যুদণ্ড এবং তার বাবা ইউনুস আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মোঃ মাসুদ আলী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত পিতা-পুত্র কালীগঞ্জ উপজেলার মালিাট গ্রামের বাসিন্দা।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০২৫ সালের ২৮ মে মালিাট গ্রামের আবদুল মোল্লার ছেলে নায়েব আলী নিজের জমিতে কৃষিকাজ শেষ করে স্থানীয় জামিরুলের দোকানে পানি পান করতে আসেন। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামিরা তাকে অতর্কিত হামলা চালায় এবং পিটিয়ে হত্যা করে। ঘটনার দিন নিহতের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ প্রধান অভিযুক্ত আলামিনকে গ্রেপ্তার করলে সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

পরবর্তীতে মামলা দায়েরের মাত্র তিন মাস পর, ২০২৫ সালের ১৮ আগস্ট কালীগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আক্তার পিতা ও পুত্রকে দায়ী করে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামির তালিকা থেকে বাদ পড়েন রাশিদা বেগম নামে এক নারী।

দীর্ঘ শুনানি ও মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে আদালত আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এই রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম মশিউর রহমান এবং সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আকিদুল ইসলাম। অন্যদিকে আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবু তালেব ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।

Show More

Related Articles

Back to top button