ঝিনাইদহের খবর

মহেশপুরে মসলা ফসল একাঙ্গী চাষে নতুন সম্ভাবনা

সোহানুর রহমান:

কম খরচে তুলনামূলক বেশি লাভ হওয়ায় ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মসলা জাতীয় ফসল একাঙ্গী চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। দেখতে অনেকটা আদার মতো এ ফসল রান্নার মসলা ছাড়াও প্রসাধনী, ভেষজ ওষুধ, সুগন্ধি ও মাছের খাবার তৈরিতে ব্যবহৃত হয়।
উপজেলার খালিশপুর গ্রামের ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল খালেক চাকরির পাশাপাশি পরীক্ষামূলকভাবে দুই বিঘা জমিতে একাঙ্গী চাষ শুরু করেন। প্রথম বছরেই ভালো ফলন ও লাভ পাওয়ায় এবার পাঁচ বিঘা জমিতে চাষ করেছেন তিনি। গত বছর দুই বিঘা জমিতে প্রায় দেড় লাখ টাকা খরচ করে প্রায় ১০ লাখ টাকার একাঙ্গী বিক্রি করেন বলে তিনি জানান।
স্থানীয় কৃষক আব্দুল খালেক বলেন, একাঙ্গী চাষে অন্যান্য ফসলের তুলনায় সার ও কীটনাশক কম লাগে। রোগবালাইও তুলনামূলক কম কিন্তু ভালো ফলন পাওয়া যায়। এ বছর পাঁচ বিঘা জমি থেকে ১৫ থেকে ২০ লাখ টাকা লাভের আশা করছেন তিনি। স্থানীয় বাজারে এর তেমন পরিচিতি না থাকায় উৎপাদিত একাঙ্গী চুয়াডাঙ্গার সরোজগঞ্জ বাজারে নিয়ে বিক্রি করতে হচ্ছে। প্রতি মণ একাঙ্গী ১০ থেকে ১৫ হাজার টাকা দরে বিক্রি করা যাচ্ছে।
আব্দুল খালেকের চাষ দেখে স্থানীয় কৃষকদের মধ্যেও একাঙ্গী চাষে আগ্রহ তৈরি হয়েছে। তরুণ উদ্যোক্তা আকিমুল সরদার এবার এক বিঘা জমিতে এ ফসল চাষ করেছেন। তিনি বলেন, ভালো ফলন ও বাজারদর দেখে আগ্রহী হয়ে একাঙ্গী চাষ শুরু করেছেন। ফলন ভালো হলে আগামী মৌসুমে চাষের পরিমাণ বাড়াবেন। বীজের দাম কিছুটা বেশি হলেও সার ও কীটনাশক কম লাগে। রোগবালাইও কম হওয়ায় একাঙ্গী লাভজনক ফসল হতে পারে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিন্টু হোসেন বলেন, একাঙ্গী মসলা জাতীয় একটি লাভজনক ফসল। মসলা ছাড়াও বিভিন্ন কাজে এর ব্যবহার রয়েছে। অন্যান্য ফসলের তুলনায় উৎপাদন খরচ কম এবং লাভের সম্ভাবনা বেশি। কৃষকদের মাঠপর্যায়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
মহেশপুর উপজেলা কৃষি দপ্তর সুত্রে জানা গেছে, চলতি বছর মহেশপুর উপজেলার বিভিন্ন মাঠে প্রায় ৩০ হেক্টর জমিতে একাঙ্গীর চাষ হয়েছে। স্থানীয়ভাবে বাজারব্যবস্থা গড়ে তোলা ও ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে এ অঞ্চলে একাঙ্গী চাষ আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় অর্থনীতিতেও বেশ ভুমিকা রাখবে।

Show More

Related Articles

Back to top button