কালীগঞ্জে যানজট নিরসনে হকার্স মার্কেট নির্মাণের উদ্যোগ

স্ট্যাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জ শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে হকার্স মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে কালীগঞ্জ পৌরসভা। শহরের নতুন বাজার এলাকার মিনি স্টেডিয়ামের পূর্ব পাশে লেকসংলগ্ন নতুন সলিং সড়কের ধারে বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে বরাদ্দ নেওয়া ৫ দশমিক ৭০ একর জমিতে এ মার্কেট নির্মাণ করা হবে। আগামী তিন মাসের মধ্যে মার্কেটটি চালুর লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।
পৌরসভা সূত্রে জানা গেছে, কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড থেকে বড়বাজারের নলডাঙ্গা রোড, কোলা রোড, থানা রোড ও কলেজ রোডের ফুটপাতজুড়ে দীর্ঘদিন ধরে ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দোকান বসিয়ে ব্যবসা করে আসছেন। ফুটপাত দখল করে দোকান বসানোর কারণে সড়কের ব্যবহারযোগ্য জায়গা সংকুচিত হয়ে পড়ছে। ব্যস্ত সময়ে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারী মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, ফুটপাতের ব্যবসায়ীদের সরিয়ে দেওয়ার পাশাপাশি তাদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় নিয়েই হকার্স মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দিষ্ট স্থানে ব্যবসার সুযোগ পেলে একদিকে যেমন হকারদের জীবিকা অব্যাহত থাকবে, অন্যদিকে শহরের সড়ক ও ফুটপাত যানজটমুক্ত রাখা সম্ভব হবে।
হকার্স মার্কেট নির্মাণ কমিটির সভাপতি হামিদুল ইসলাম মনা বলেন, শহরের যানজট নিরসন ও মানুষের দুর্ভোগ কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফুটপাতের ব্যবসায়ীদের সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। তাদের নিয়ে আরও একটি সভা করা হবে। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের উপস্থিতিতে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, যারা হকার্স মার্কেটে যেতে আগ্রহী, দোকান বরাদ্দের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আলোচনার পরও কেউ ফুটপাত ছাড়তে রাজি না হলে পর্যায়ক্রমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। আগামী তিন মাসের মধ্যে মার্কেটটি চালুর লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তবে বিকল্প স্থানে ব্যবসা স্থানান্তর নিয়ে ফুটপাতের ব্যবসায়ীদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। ফুটপাতের চা দোকানি জাহিদ হাসান বলেন, হকার্স মার্কেট হলে সেখানে যেতে হবে বলে তারা জানতে পেরেছেন। ইতোমধ্যে ভোটার আইডি কার্ডের ফটোকপিও দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ফুটপাতে ব্যবসা করছেন তারা। বর্তমান স্থানে ক্রেতা বেশি হওয়ায় বেচাকেনাও ভালো। নতুন জায়গায় গেলে ব্যবসা জমাতে সময় লাগবে। তবে কর্তৃপক্ষ সরিয়ে দিলে বিকল্প জায়গায় ব্যবসা করতে হবে।
কাপড় ব্যবসায়ী সলেমান হোসেন বলেন, এখানে প্রায় দেড়শ ব্যবসায়ী ব্যবসা করেন। নতুন জায়গায় গিয়ে ব্যবসা জমাতে সময় লাগবে। তারা শুনেছেন, সেখানে পাকা দোকানঘর হবে এবং দোকান নিতে পৌরসভাকে টাকা দিতে হতে পারে। তবে অগ্রিম টাকা ও মাসিক ভাড়ার বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। ব্যবসায়ীদের আর্থিক সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রাখার দাবি জানান তিনি।
ডাব বিক্রেতা শাহজাহান বলেন, ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গা করে দিলে তারা সেখানে যেতে রাজি। তবে এক জায়গা থেকে সরিয়ে দেওয়ার পর যেন ভবিষ্যতে আবার উচ্ছেদের মুখে পড়তে না হয়, সে নিশ্চয়তা চান তারা।
ফল বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, হকার্স মার্কেট হলে তারা সেখানে যেতে চান। তবে দোকানের জন্য অতিরিক্ত টাকা দিতে হলে অনেকের পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া কঠিন হবে। কম খরচে দোকান বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান তিনি।
অন্যদিকে, সড়কের পাশে জহুরুল মার্কেটের ব্যবসায়ী রুপসাগর গ্লাস হাউজের মালিক আনোয়ার হোসেন পৌরসভার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, তারা দোকানের জন্য বড় অঙ্কের অগ্রিম টাকা ও মাসিক ভাড়া দিয়ে ব্যবসা করেন। ফুটপাতের দোকানের কারণে তাদের দোকানে ক্রেতা প্রবেশ, পণ্য ওঠানামা এবং মালামালবাহী গাড়ি দাঁড় করানোর ক্ষেত্রে সমস্যা হয়। ফুটপাতের ব্যবসায়ীদের নির্দিষ্ট স্থানে পুনর্বাসন করা হলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ—উভয়েই উপকৃত হবেন।
কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী কবির হাসান বলেন, বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে ৫ দশমিক ৭০ একর জমি কালীগঞ্জ পৌরসভার নামে বরাদ্দ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে হকার্স মার্কেটের নকশা প্রস্তুত করা হয়েছে। ফুটপাতের ব্যবসায়ীরা দোকান নিতে চাইলে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ে নিচে ইটের গাঁথুনি দিয়ে ওপরের অংশে লোহার অ্যাঙ্গেল ও টিনের ছাউনি দিয়ে মার্কেট নির্মাণ করা হবে। ভবিষ্যতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এটিকে বহুতল মার্কেটে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরু করার প্রস্তুতি চলছে।
কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, শহরের ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে যানজটের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসনের লক্ষ্যেই হকার্স মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, যারা ফুটপাত ছেড়ে হকার্স মার্কেটে আসবেন, দোকান বরাদ্দের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হবে। ইতোমধ্যে পৌরসভাকে নকশা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত নির্মাণকাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। মার্কেটটি চালু হলে শহরের যানজট অনেকাংশে কমে আসবে।
ইউএনও আরও বলেন, নির্ধারিত সময়ের পরও যারা ফুটপাত ছাড়বেন না, তাদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে হকার্স মার্কেটে দোকান বরাদ্দ পাওয়ার পর ফুটপাতে ব্যবসা করার সুযোগ আর দেওয়া হবে না। তাই ব্যবসায়ীদের আগেভাগেই বিকল্প স্থানে যাওয়ার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।



