মহেশপুরে ইমিটেশন গহনার ব্যবহার বেড়েছেসিটি গোল্ডে কর্মসংস্থান ছয় শতাধিক পরিবারের

সোহানুর রহমান
স্বর্ণের দাম নাগালের বাইরে। তাই বিকল্প হিসেবে ইমিটেশন গহনার দিকে ঝুঁকছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আর সেই চাহিদাকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে গড়ে উঠেছে সিটি গোল্ডের গহনা তৈরির ক্ষুদ্র শিল্প। বাড়ির উঠান, টিনশেড ঘর ও ছোট কারখানায় তৈরি এসব গহনা এখন স্থানীয় বাজার ছাড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় দুই দশক আগে মহেশপুরে সিটি গোল্ডের গহনা তৈরির কাজ শুরু হয়। প্রথমে হাতে গোনা কয়েকজন কারিগর এ কাজে যুক্ত থাকলেও বর্তমানে পৌরসভাসহ উপজেলার তিনটি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ১১টি কারখানা গড়ে উঠেছে। এসব কারখানা ও সংশ্লিষ্ট কাজে প্রায় ছয় শতাধিক পরিবার জড়িত।
সরেজমিন বৈচিতলা, নওদাগ্রাম, জলিলপুর, যোগীহুদা, রামচন্দ্রপুর ও বাথানগাছিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নারী-পুরুষ দলবেঁধে গহনা তৈরির কাজে ব্যস্ত। কেউ ধাতু গলাচ্ছেন, কেউ ছাঁচে ঢালাই করছেন। আবার কেউ নকশা, পুঁতি বসানো কিংবা গহনায় সোনালি রং দেওয়ার কাজ করছেন।
কারখানাগুলোতে গলার হার, কানের দুল, চুড়ি, বালা, চেন, ব্রেসলেট, নূপুর ও আংটিসহ বিভিন্ন ধরনের গহনা তৈরি হচ্ছে। তুলনামূলক কম দামে পাওয়া যাওয়ায় এসব গহনার চাহিদাও রয়েছে বেশ।
কারখানা মালিক মিলন জানান, তাঁর বাবা মহেশপুর বাজারে জুয়েলারির ব্যবসা করতেন এবং নিজেই গহনা তৈরি করতেন। বাবার মৃত্যুর পর ব্যবসা প্রায় বন্ধ হয়ে যায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্সে এমবিএ করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি নিলেও সেখানে মন না বসায় বাবার ব্যবসা টিকিয়ে রাখতে মহেশপুরে ফিরে আসেন তিনি।
মিলন বলেন, ২০০৩ সালের দিকে ‘মিলন ইলেকট্রিক গোল্ড’ নামে কাজ শুরু করেন। পরে স্বর্ণের দাম বাড়ায় ব্যবসায় সংকট দেখা দিলে ২০০৪ সালে সিটি গোল্ডের ইমিটেশন গহনা তৈরির কারখানা চালু করেন। বর্তমানে তাঁর কারখানায় প্রায় ৫০০ শ্রমিক কাজ করছেন। মহেশপুরের পাশাপাশি ঢাকা ও রংপুরেও তাঁর শোরুম রয়েছে।
তিনি বলেন, “আমার কারখানায় কাজ শিখে অনেকে পরে নিজেরাই কারখানা করেছেন। এখন মহেশপুরে ১১টি কারখানা হয়েছে। এখানকার তৈরি গহনা দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে।”
এ কে সিটি গোল্ড হাউসের উদ্যোক্তা মো. খাইরুল ইসলাম বলেন, “আমরা সম্পূর্ণ হাতে গহনা তৈরি করি। তুলনামূলক কম দামে মানসম্মত গহনা দেওয়ার চেষ্টা করি। এ কাজের সঙ্গে মহেশপুরের প্রায় ৫০০ পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত।”
তিনি আরও বলেন, গহনা তৈরিতে পর্যাপ্ত আলো ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। লোডশেডিংয়ের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা গেলে উৎপাদন বাড়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানও সৃষ্টি হবে।
এই শিল্পে যুক্ত রয়েছেন শিক্ষার্থীরাও। পড়াশোনার পাশাপাশি অনেকে কারখানায় কাজ করে নিজেদের শিক্ষা ব্যয় মেটানোর পাশাপাশি পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করছেন।
কারিগর মমিন বলেন, “ব্যবহারের পর যেকোনো গহনার রং নষ্ট হতে পারে। আমাদের তৈরি গহনার রং উঠে গেলে অনেক ক্ষেত্রে তা ফেরত নিয়ে পরিবর্তন করে দেওয়া হয়।”
সংশ্লিষ্টরা জানান, মানসম্মত কাঁচামাল ব্যবহার, কারিগরদের প্রশিক্ষণ, বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধা বাড়ানো গেলে মহেশপুরের সিটি গোল্ড শিল্প আরও বড় পরিসরে বিকশিত হতে পারে।
স্থানীয়দের মতে, শিল্প-কারখানার সুযোগ কম থাকা সীমান্তবর্তী মহেশপুরে সিটি গোল্ড এখন বহু পরিবারের আয়ের অন্যতম মাধ্যম। প্রয়োজনীয় সহযোগিতা ও বাজার সম্প্রসারণ করা গেলে ‘গরিবের সোনা’খ্যাত এই শিল্প দেশের গহনা বাজারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



