কোটচাঁদপুরে বাসচাপায় প্রাণ গেল হোটেল শ্রমিকের

স্টাফ রিপোটার, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে দ্রুতগতি বাসের চাপায় পিষ্ট হয়ে নূর ইসলাম (৫০) নামের এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) কোটচাঁদপুর পৌরসভার আমবাজার এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত নূর ইসলাম কোটচাঁদপুর শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে। তিনি স্থানীয় একটি খাবারের দোকানে শ্রমিকের কাজ করতেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুল করিম জানান, মঙ্গলবার ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে কর্মস্থলের উদ্দেশে হেঁটে যাচ্ছিলেন নূর ইসলাম। পথিমধ্যে শহরের আমবাজার এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নূর ইসলামের মর্মান্তিক মৃত্যু হয়। দূর্ঘটনার পরপরই ঘাতক বাসটি নিয়ে চালক দ্রুত চম্পট দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘাতক বাস ও চালককে শনাক্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।



