ঝিনাইদহের খবর

কালীগঞ্জে মাদক সেবনের অভিযোগে ১ যুবক গ্রেপ্তার

স্ট্যাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মোঃ তাসনিম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। পুলিশের দাবি, নিজ বসতবাড়িতে গাঁজা সেবনের সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল নাইট ডিউটি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযানে ছিলেন এসআই কৌশিক কুমার সাহা, এএসআই এস.এম. সোহাগ ও কনস্টেবল মোঃ মাসুদ রানা।

রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কালীগঞ্জ থানাধীন রাকড়া গ্রামের একটি বসতবাড়ির ঘরে এক ব্যক্তি মাদক সেবন করছেন। পরে অফিসার ইনচার্জের নির্দেশনায় রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটের দিকে পুলিশের দল ওই বাড়িতে অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে তাসনিম দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

গ্রেপ্তারকৃত তাসনিম রাকড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তার মায়ের নাম বেগম শামীমা রহিম।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার প্রসিকিউশন নম্বর-১০, তারিখ ১২ আগস্ট ২০২৬-এর মাধ্যমে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বিচার আদালত), আমলী আদালত, কালীগঞ্জ, ঝিনাইদহের কাছে অপরাধ আমলে গ্রহণ ও বিচারের জন্য আবেদন দাখিল করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Show More

Related Articles

Back to top button