ই-পেপার

বাংলাদেশ-মালয়শিয়া যৌথ উদ্যোগে শিক্ষা, দক্ষতা ও কর্মসংস্থান নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, ঢাকা:
শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচনে বাংলাদেশ ও মালয়েশিয়ার যৌথ উদ্যোগে রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে “ক্রিয়েটিং পাথওয়েজ ফর এডুকেশন, স্কিলস অ্যান্ড এমপ্লয়েবিলিটি: বাংলাদেশ-মালয়শিয়া জয়েন্ট ইনিশিয়েটিভ” শীর্ষক একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), মালয়েশিয়ার হেয় ইউনিভার্সিটি এবং ইউসেপ বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত এ আয়োজনে বাংলাদেশ ও মালয়েশিয়ার মন্ত্রী, কূটনীতিক, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিল্পখাতের প্রতিনিধি এবং নীতিনির্ধারকেরা অংশ নেন।

সেমিনারের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। এতে স্বাগত বক্তব্য দেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রি পার্টনারশিপ কমিটির আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক। এছাড়া বক্তব্য দেন ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম, হেয় ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর দাতুক প্রফেসর ড. পল চ্যান, এবং চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম এম নুরুল আবসার। অধিবেশনে সভাপতিত্ব করেন সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফে এম, আইয়ুব।

সেমিনারে দুটি কারিগরি অধিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উদীয়মান প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন, মানবসম্পদ পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মসংস্থান নিয়ে বিস্তৃত আলোচনা হয়। “ক্রম এডুকেশন টু এমপ্লয়েবিলিটি: অ্যালাইনিং লার্নিং, স্কিলস অ্যান্ড ইন্ডাস্ট্রি নিডস ইন দ্য এজ অব এআই অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস” শিরোনামে অনুষ্ঠিত অধিবেশনের সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হেয় ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা ও চ্যান্সেলর দাতুক প্রফেসর ড. পল চ্যান, যেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর শিল্পে দক্ষ মানবসম্পদ তৈরিতে মালয়েশিয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। প্যানেল আলোচনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (বিটিইবি) চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা সম্প্রসারণে সরকারের উদ্যোগ তুলে ধরেন। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে সরকারি বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। অন্যদিকে উল্কাসেমি-এর প্রতিষ্ঠাতা, সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মাদ এনায়েতুর রহমান সেমিকন্ডাক্টর, ডিজিটাল অর্থনীতি ও ভবিষ্যৎ কর্মক্ষেত্রে দক্ষতার চাহিদা নিয়ে আলোচনা করেন।

সেমিনারের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় “হিউম্যান ক্যাপিটাল ইন্টেলিজেন্স, স্কিলস রিকগনিশন অ্যান্ড এমপ্লয়েবিলিটি’ শিরোনাম। এতে সভাপতিত্ব করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের সাবেক ডিন এবং ইউনিভার্সিটি অব মালয়ার সাবেক ডিন ড. এ. এস. এম. এ. হাসিব। তিনি ভবিষ্যৎ কর্মপরিকল্পনার জন্য একটি বুদ্ধিমত্তাভিত্তিক জাতীয় মানবসম্পদ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ অধিবেশনের আলোচনায় দাতুক প্রফেসর ড. পল চ্যান মালয়েশিয়ার এপেল-কিউ, এপেল-সি আজীবন শিক্ষা এবং গুণগত মান নিশ্চিতকরণের অভিজ্ঞতা তুলে ধরেন। সিআইইউর স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. আসিফ ইকবাল কর্মসংস্থানমুখী বিশ্ববিদ্যালয় শিক্ষা নিয়ে বক্তব্য দেন। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদ বিদেশগামী কর্মীদের দক্ষতার স্বীকৃতি ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, এমপি। এ সময় সেমিনারের সুপারিশ ও ভবিষ্যাৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন সৈয়দ মাহমুদুল হক। বক্তব্য দেন হেয় ইউনিভার্সিটি এর দাতুক প্রফেসর ড. পল চ্যান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোক্তার আহমেদ, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাওসার চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এইচ, ই. মোহা: শুহাদা ওসমান।

সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ), হেয় ইউনিভার্সিটি, মালয়েশিয়া এবং ইউসেপ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। এই সমঝোতার আওতায় তিন প্রতিষ্ঠান যৌথভাবে একটি পাইলট স্কিলস ও এমপ্লয়েবিলিটি প্ল‍্যাটফর্ম প্রতিষ্ঠা, এপেল-কিউ, এপেল-সি এবং রিকগনিশন অব প্রায়র লার্নিং, মাইক্রো-ক্রেডেনশিয়াল ও মডুলার সার্টিফিকেশন বাস্তবায়ন, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীর দক্ষতা স্বীকৃতি ও কর্মসংস্থান বৃদ্ধি, শিল্প-সংযুক্ত সার্টিফিকেশন ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা, সার্টিফিকেশন ও কর্মসংস্থান উন্নয়ন প্ল্যাটফর্ম গড়ে তুলতে একযোগে কাজ করবে। দীর্ঘমেয়াদে এই উদ্যোগ বাংলাদেশের জন্য একটি জাতীয় দক্ষতা উন্নয়ন, দক্ষতার স্বীকৃতি ও কর্মসংস্থান প্ল‍্যাটফর্ম তৈরির ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

দিনব্যাপী এই আন্তর্জাতিক সেমিনারে বক্তারা শিক্ষা, শিল্প ও সরকারের মধ্যে আরও কার্যকর অংশীদারিত্ব জোরদার, ভবিষ্যৎ উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদীয়মান প্রযুক্তির যুগে বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা মোকাবিলায় বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

Show More

Related Articles

Back to top button