ঝিনাইদহের খবর

কালীগঞ্জে ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ, চালককে রেলগেটের পাশে ফেলে যাওয়ার দাবি

স্ট্যাফ রিপোর্টারঃ

ঝিনাইদহের কালীগঞ্জে এক ইজিবাইক চালককে মারধর করে তার ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা চালককে উপজেলার বাবরা রেলগেট এলাকার পাশে ফেলে রেখে পালিয়ে যায় বলে জানা গেছে।

আহত ইজিবাইক চালকের নাম কাজল (২৫)। তিনি ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের প্রতাবপুর গ্রামের আব্দুল খালেক মুন্সির ছেলে। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাবরা রেলগেট এলাকার পাশে এক যুবককে অসুস্থ ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন এগিয়ে যান। পরে তার কাছ থেকে জানতে পারেন, দুর্বৃত্তরা তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে তাকে ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে। খবর পেয়ে স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “আমরা রেলগেটের পাশে একজন যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে জানতে পারি, তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা তাকে এখানে ফেলে রেখে গেছে। এরপর আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”

এ ঘটনায় প্রতিবেদন লেখা পর্যন্ত কালীগঞ্জ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জেল্লাল হোসেন জানান, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, সম্প্রতি সড়কে ছিনতাই ও চুরির ঘটনা বেড়ে যাওয়ায় তারা উদ্বিগ্ন। দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি সড়কে পুলিশি টহল জোরদারের দাবি জানান তারা।

Show More

Related Articles

Back to top button