কালীগঞ্জ পৌরসভায় কৃষ্ণচূড়া বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

স্ট্যাফ রিপোর্টারঃ
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চাচড়া রেলক্রসিং থেকে পৌরসভার ডাম্পিং সেন্টার (ময়লার ভাগাড়) পর্যন্ত সড়কের দুই পাশে কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. কবীর হাছানসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু ছায়াই দেয় না, এটি অক্সিজেন সরবরাহ করে, জলবায়ুর বিরূপ প্রভাব কমাতে সহায়তা করে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করার আহ্বান জানাই।”
পৌর নির্বাহী কর্মকর্তা মো. কবীর হাছান বলেন, “কালীগঞ্জ পৌরসভাকে আরও সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার লক্ষ্যে পর্যায়ক্রমে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে বৃক্ষরোপণ করা হবে। বৃক্ষরোপণের পাশাপাশি এসব গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতেও পৌরসভা কাজ করবে।”
বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, “পৌরসভার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। রাস্তার দুই পাশে কৃষ্ণচূড়া গাছ বড় হলে যেমন পরিবেশের সৌন্দর্য বাড়বে, তেমনি পথচারীরা ছায়া পাবেন এবং এলাকায় সবুজের পরিমাণও বৃদ্ধি পাবে। আমরা চাই এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকুক।”
পৌর কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও পৌর এলাকার বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।



