বিচার বিভাগ ও আইনজীবী কল্যাণ ফান্ডে বাজেট বরাদ্দের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

স্ট্যাফ রিপোর্টার:
বিচার বিভাগ ও আইনজীবীদের উন্নয়ন এবং কল্যাণ ফান্ডে পর্যাপ্ত বাজেট বরাদ্দের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) ঝিনাইদহ আদালত চত্বরে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন হাতে সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট কাজী একরামুল হক আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউল আলম এবং সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম মশিয়ুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে আইনজীবীদের কল্যাণ খাতে যে বরাদ্দ রয়েছে, তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল। একজন আইনজীবী মারা গেলে বার কাউন্সিল থেকে মাত্র ১০ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। কিন্তু দীর্ঘ ৪০ বছর আইন পেশায় থেকে যারা বিচারপ্রার্থী মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন, জীবদ্দশায় তাদের জন্য পর্যাপ্ত কোনো আর্থিক সুবিধার ব্যবস্থা নেই।
বক্তারা দীর্ঘ ৪০ বছর আইন পেশায় নিয়োজিত থাকা আইনজীবীদের জীবদ্দশায় কল্যাণ ফান্ড থেকে এক কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান।
বক্তারা দেশের বিচার বিভাগ ও সরকারি আইন কর্মকর্তাদের (পিপি-জিপি) বিদ্যমান সুযোগ-সুবিধার বৈষম্যের চিত্র তুলে ধরে বলেন, জেলা পর্যায়ের সরকারি আইন কর্মকর্তারা চরম বৈষম্যের শিকার। জাতীয় বাজেটে তাদের বেতন-ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিতে হবে।
আদালতের রাজস্ব আয়ের তুলনায় বিচার বিভাগের বাজেট বরাদ্দের তীব্র অসঙ্গতি উল্লেখ করে বক্তারা আরও বলেন, বিচার বিভাগ থেকে সরকার প্রতি বছর প্রায় ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে। অথচ পুরো বিচার বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয় মাত্র ২ হাজার ২০০ কোটি টাকা। এই বৈষম্য দূর করে আইনজীবীদের সার্বিক কল্যাণে অবিলম্বে বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং জীবদ্দশায় অধিক আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তারা।



