মহেশপুরে ১০ পিস ইয়াবাসহ সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ

মহেশপুর পৌর প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরে ১০ পিস ইয়াবাসহ সুমন মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামের কলোনী ব্রীজঘাট এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন সুমনকে তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।
গ্রেফতারকৃত সুমন যশোরের চৌগাছা উপজেলার বড়খাঁনপুর (সরদারপাড়া) গ্রামের লিয়াকত আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।



