মহেশপুরের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডিসি নোমান হোসেন, এমপি মতিয়ার রহমান ও ইউএনও সাজ্জাদ হোসেন

মহেশপুর পৌর প্রতিনিধি:
মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন, ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান এবং মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. সাজ্জাদ হোসেন। তিনজনই ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিয়েছেন এবং আর্থিক সহায়তা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সরকারি সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই মার্কেটের সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ট্রাক পুড়ে যায়। আগুনে ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল, ট্রাকের যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ মালামাল ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি এবং কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডের পর সর্বপ্রথম ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও ও পৌর প্রশাসক মো. সাজ্জাদ হোসেন। তিনি ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত এবং সরকারি নীতিমালা অনুযায়ী সহায়তা প্রদানের উদ্যোগের কথা জানান।পরে ঘটনাস্থল পরিদর্শন করেন সংসদ সদস্য মো. মতিয়ার রহমান। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে দ্রুত পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
সবশেষে জেলা প্রশাসক মো. নোমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব এবং জেলা প্রশাসন সবসময় জনগণের পাশে থাকবে।
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসন ও জনপ্রতিনিধিদের ঘোষিত সহায়তা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবারও তাদের ব্যবসা শুরু করতে পারবেন।



