ঝিনাইদহের খবর

কালীগঞ্জে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগস্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

স্ট্যাফ রিপোর্টার:

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের বিভিন্ন বাজারে অসুস্থ ও রোগাক্রান্ত গাই ও বকনা গরুর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, কিছু অসাধু মাংস ব্যবসায়ী কম দামে অসুস্থ গরু কিনে জবাই করে তা ষাঁড়ের মাংস বলে বিক্রি করছেন। এতে একদিকে ক্রেতারা প্রতারিত হচ্ছেন, অন্যদিকে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে মাংস বিক্রেতাদের তদারকির দায়িত্বে থাকা পৌরসভার এক কর্মকর্তার বিরুদ্ধে অসুস্থ গরুর মাংস বিক্রিতে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগও স্থানীয়দের মধ্যে রয়েছে। তবে ওই কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন।
গত মঙ্গলবার সকাল ৮টার দিকে কালীগঞ্জ শহরের বড় বাজার ব্রিজঘাট, নলডাঙ্গা রোড, আড়পাড়া নতুন বাজার ও বৈশাখী মোড়সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ দোকানেই গাই বা বকনা গরুর মাংস বিক্রি করা হচ্ছে। তবে দোকানগুলোতে কী ধরনের গরুর মাংস বিক্রি করা হচ্ছে, তা উল্লেখ করে কোনো নেমপ্লেট ঝোলানো ছিল না। অথচ মাংস বিক্রির সময় গরুর ধরন উল্লেখ করে নেমপ্লেট প্রদর্শনের নিয়ম রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ব্রিজঘাট এলাকার এক মাংস বিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ষাঁড় গরুর দাম বেশি হওয়ায় তা কিনে মাংস বিক্রি করলে লাভ কম হয়। এ কারণে শহরের অনেক ব্যবসায়ী গাই বা বকনা গরুর মাংস বিক্রির দিকে ঝুঁকেছেন। তিনি জানান, ওই দিন সকালে বাড়ি থেকে একটি গাই গরু জবাই করে এনে মাংস বিক্রি করছেন।
পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গরু বা মাংস পরীক্ষা করেছেন কি না—জানতে চাইলে ওই বিক্রেতা বলেন, কর্মকর্তা আব্দুস সামাদ তখনো তার দোকানে আসেননি। তিনি পরে এসে পৌরসভার রশিদের মাধ্যমে টোল আদায় করবেন বলে জানান।
বাজারে মাংস কিনতে আসা কালীগঞ্জ কাঁচাপাকা মাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বলেন, মাংস বিক্রেতারা তার সংগঠনের সদস্য। তবে অসুস্থ বা রোগাক্রান্ত গাই কিংবা বকনা গরুর মাংস বিক্রির তিনি তীব্র বিরোধিতা করেন। ওই দিন কোনো ব্যবসায়ী সুস্থ ও স্বাস্থ্যসম্মত ষাঁড় গরু জবাই না করায় প্রয়োজনের তাগিদে তাকেও গাই গরুর মাংস কিনতে হয়েছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফোনে অবহিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
খবর পেয়ে কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন কালীগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা আলমগীর হোসেন। তিনি বলেন, মাংস বিক্রেতাদের তদারকির দায়িত্ব তার দপ্তরের অধীনে। আব্দুস সামাদ নামে একজন কর্মকর্তা এ দায়িত্বে রয়েছেন। তিনি বাজারে বের হলেও সংশ্লিষ্ট দোকানে কেন যাননি, তা তিনি জানেন না। তবে গাই বা বকনা গরুর মাংস বিক্রি হলেও দোকানে গরুর ধরন উল্লেখ করে নেমপ্লেট প্রদর্শন না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, কালীগঞ্জে পৌর কসাইখানা না থাকায় মাংস ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে পশু জবাই করেন। ফলে জবাইয়ের আগে পশু পরীক্ষা করা সম্ভব হয় না। এ কারণে বিষয়টি জটিল আকার ধারণ করেছে।
তবে মাংসের বাজার তদারকির দায়িত্বে থাকা পৌরসভার কর্মকর্তা আব্দুস সামাদ তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, মাংস বিক্রেতাদের সঙ্গে তার কোনো সখ্যতা নেই। অসুস্থ বা রোগাক্রান্ত গরুর মাংস বিক্রেতাদের কাছ থেকে বাড়তি অর্থ নেওয়ার অভিযোগও সঠিক নয়। পৌর কসাইখানা না থাকায় গরু জবাইয়ের আগে পরীক্ষা করা সম্ভব হয় না। তবে নিয়ম অনুযায়ী তিনি প্রতিদিন মাংসের দোকানে গিয়ে রশিদের মাধ্যমে পৌরসভার টোল আদায় করেন বলে জানান।
কালীগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, অসাধু ব্যবসায়ীদের অসুস্থ গাই বা বকনা গরুর মাংস বিক্রির অভিযোগের বিষয়টি তিনি অবহিত হয়েছেন। দ্রুত মোবাইল কোর্ট পরিচালনাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ডেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Show More

Related Articles

Back to top button