কালীগঞ্জে ছিনতাই চেষ্টার ঘটনায় অভিযুক্ত রিপন গ্রেপ্তার

স্ট্যাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জে বিকাশ ডিস্ট্রিবিউশন কোম্পানির এক কর্মীকে ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে হামলা করে টাকা ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় মোঃ রিপন হোসেন (৪২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৩টা ৫ মিনিটের দিকে কালীগঞ্জ থানাধীন মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৬ দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে বিকাশ ডিস্ট্রিবিউটর কোম্পানিতে কর্মরত ডিএসও মোঃ জাবেদ আলী (২৪) মোটরসাইকেলে বিক্রয়লব্ধ টাকা সংগ্রহ শেষে কালীগঞ্জ থানার কেয়াবাগান এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় লাল রঙের একটি ইয়ামাহা এফজেড-ভি২ মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি তার গতিরোধ করেন।
পরে তারা ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে জাবেদ আলীকে এলোপাতাড়ি আঘাত করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান। এ সময় জাবেদ আলীর চিৎকারে স্থানীয় পথচারী ও পাশের একটি কাভার্ড ভ্যানের চালক এগিয়ে এলে ছিনতাইকারীরা তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে পুলিশ GOPALGANJ-LA-11-3211 নম্বরের মোটরসাইকেলটি জব্দ করে। পরে গুরুতর আহত জাবেদ আলীকে চিকিৎসার জন্য কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১ জুন ২০২৬ কালীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলাটির নম্বর ০২ এবং দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলাটি রুজু করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সামনে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোঃ রিপন হোসেনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত রিপন হোসেন ঝিনাইদহ সদর থানার তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তার স্থায়ী ঠিকানা তেঁতুলবাড়িয়া এবং বর্তমান ঠিকানা ঝিনাইদহ সদর থানার বিশ্বয়খালী গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, দস্যুতা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার আসামিকে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে পুলিশের এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক ও চোরাই মালামাল উদ্ধার এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা তৎপর রয়েছে।



