শিক্ষা

সবুজ ক্যাম্পাস গড়তে শিক্ষার্থীদের অংশগ্রহণ জরুরি: ইবি উপাচার্য

ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই যদি নির্ধারিত স্থানে ময়লা ফেলি এবং পরিচ্ছন্নতা বজায় রাখি, তাহলে ক্যাম্পাস আরও সুন্দর হয়ে উঠবে।”

রোববার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে ‘বৃক্ষরোপণ ২০২৬’ ও ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ‘ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া’র উপদেষ্টা জাকির হোসাইন, বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে আমগাছের চারা বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে প্রশাসন ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন মাইলফলক চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। এরপর ঝাল চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করা হয়।

উপাচার্য আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যদি ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখাকে নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করেন, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রকৃত অর্থেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক ক্যাম্পাসে পরিণত হবে।”

‘ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া’র উপদেষ্টা জাকির হোসাইন বলেন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টায় ইসলামী বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম পরিচ্ছন্ন, সবুজ ও দৃষ্টিনন্দন ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা সম্ভব।

Show More

Related Articles

Back to top button