ঝিনাইদহের খবর

সকালে হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বৃদ্ধের

স্ট্যাফ রিপোর্টার:

ঝিনাইদহের শৈলকুপায় ভোরে হাঁটতে বের হয়ে ১০ চাকার ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চন্ডিপুর এলাকায় হান্নান ফিলিং স্টেশনের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত তারিফ উদ্দীন শৈলকুপা উপজেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও ভোরে ফজরের নামাজ আদায় শেষে মহাসড়কের পাশ দিয়ে হাঁটতে বের হয়েছিলেন তারিফ উদ্দীন। হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়াগামী একটি দ্রুতগতির ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী জানান, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি এখনো আটক করা সম্ভব হয়নি, তবে শনাক্তে কাজ চলছে।

Show More

Related Articles

Back to top button