শৈলকূপায় রূপসা পরিবহনের চাপায় ট্রাকচালক নিহত

স্ট্যাফ রিপোর্টার:
ঝিনাইদহের শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় আব্বাস হোসেন (৪০) নামে এক ট্রাকচালক প্রাণ হারিয়েছেন। আজ রোববার (২১ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বড়দাহ ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্বাস হোসেন যশোরের চুরামনকাটি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বড়দাহ ব্রিজ সংলগ্ন এলাকায় নিজের ট্রাকটি রাস্তার পাশে থামিয়ে একটি স্থানীয় দোকানে চা পান করতে যান আব্বাস। চা খাওয়া শেষে পুনরায় গাড়িতে ফেরার উদ্দেশ্যে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এমন সময় খুলনা থেকে কুষ্টিয়াভিমুখী ‘রূপসা পরিবহন’ নামের একটি দ্রুতগতির বাস তাকে চাপা দেয়। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী জানান, “দুর্ঘটনার পর পরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। চালকসহ বাসটি শনাক্ত করার জন্য পুলিশি তৎপরতা চলছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”



