ঝিনাইদহের খবর

মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষ আহত

১২স্টাফ রিপোটার, ঝিনাইদহঃ

ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের প্রান্তিক সারের কার্ড বণ্টন কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে উপজেলার আজমপুর ইউনিয়নের জিতারপুর গ্রামে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, সংঘর্ষের পর মোট ১২ জন আহত অবস্থায় মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রাবেয়া খাতুন জানান, “সংঘর্ষের পর আহত অবস্থায় মোট ১২ জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে গুরুতর আঘাতপ্রাপ্ত ৩ জনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকি ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।”

স্থানীয় সূত্র জানায়, বিকেলে জিতারপুর গ্রামের নুর ইসলামের ছেলে রিপন হোসেনের সাথে একই গ্রামের হাদান মণ্ডলের ছেলে মইদুল ইসলামের সারের কার্ড বণ্টন ও ভাগাভাগি নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের সমর্থকরা লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আলম জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার শান্তি-শৃঙ্খলা একদম স্বাভাবিক রয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, “ঘটনাটি কোনোভাবেই দলীয় কোন্দল বা রাজনৈতিক বিষয় নয়। তারা একই পরিবারের সদস্য। মূলত দীর্ঘদিনের পারিবারিক ও সামাজিক বিরোধের জেরে এই মারামারির ঘটনা ঘটেছে।”

Show More

Related Articles

Back to top button