ঝিনাইদহের খবর

নতুন কুঁড়ি স্পোর্টসে জাতীয় পর্যায়ে ঝিনাইদহের গৌরব শৈলকুপার তিন কিশোরীর হাত ধরে সাফল্য ‘ম্যান অব দ্য ম্যাচ’ জিনিয়া

স্ট্যাফ রিপোর্টার:
জাতীয় শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জাতীয় পর্যায়ে কাবাডি খেলায় উজ্জ্বল সাফল্য অর্জন করেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার তিন উদীয়মান কিশোরী। খুলনা অঞ্চলের বালিকা কাবাডি দলের হয়ে প্রতিনিধিত্ব করে তারা পুরো ঝিনাইদহ জেলার জন্য এক অনন্য গৌরব বয়ে এনেছে।

সাফল্য অর্জনকারী তিন রূপকার হলো, শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী জিনিয়া খাতুন, মীম খাতুন এবং সুমাইয়া ইয়াসমিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামানের তত্ত্বাবধানে ও দিকনির্দেশনায় ঢাকার মিরপুর স্টেডিয়ামে আয়োজিত জাতীয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় তারা অংশ নেয়।

প্রতিযোগিতার প্রতিটি ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য ও শক্তিমত্তার পরিচয় দিয়ে খুলনা অঞ্চল বালিকা কাবাডি দল জাতীয় পর্যায়ে রানার্সআপ হওয়ার ঐতিহাসিক গৌরব অর্জন করে। ফাইনালে রংপুর অঞ্চলের কাছে হারলেও পুরো টুর্নামেন্টজুড়ে নজরকাড়া পারফরম্যান্সের জন্য শৈলকুপার কিশোরী জিনিয়া খাতুন ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হয়। তার এই ব্যক্তিগত ও দলীয় অর্জন জেলার ক্রীড়াঙ্গনে এক নতুন ইতিহাসের সূচনা করল।

এদিকে ঝিনাইদহ জেলার ক্রীড়াঙ্গনের এই অভাবনীয় সাফল্যে খুদে খেলোয়াড়দের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। বুধবার বিকালে খুদে খেলোয়াড়রা জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদের শুভেচ্ছা জানান।

জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, তৃণমূলের এ ধরনের আন্তর্জাতিক মানের পারফরম্যান্স জেলার অন্যান্য ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও উৎসাহিত করবে। ভবিষ্যতে এই কিশোরীরাই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ঝিনাইদহের নাম আরও উঁচুতে তুলে ধরবে।

ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “মফস্বলের একটি প্রত্যন্ত এলাকা ও সাধারণ বিদ্যালয় থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের এত বড় মঞ্চে এমন উজ্জ্বল সাফল্য সত্যিই অসাধারণ। এই অর্জন শুধু কাতলাগাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়েরই নয়, পুরো শৈলকুপা উপজেলা তথা সমগ্র ঝিনাইদহ জেলার জন্য এক পরম অহংকার ও অনুপ্রেরণার বিষয়।”

Show More

Related Articles

Back to top button