ঝিনাইদহের খবর

দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: কালীগঞ্জে ৪১ কেন্দ্রে শিশুদের ক্যাপসুল খাওয়ানো শুরু।

মোঃ রাফাত হোসেন

সারাদেশের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কালীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪১টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

ক্যাম্পেইনের শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে উপস্থিত হন অভিভাবকেরা। উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের বয়স অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর পাশাপাশি অভিভাবকদের প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক পরামর্শ প্রদান করছেন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ১ লক্ষ আইইউ (IU) সমৃদ্ধ ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ২ লক্ষ আইইউ (IU) সমৃদ্ধ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শুধু রাতকানা রোগ প্রতিরোধেই নয়, হাম ও ডায়রিয়ার জটিলতা কমাতে, শিশুর স্বাভাবিক শারীরিক বৃদ্ধি ত্বরান্বিত করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অপুষ্টি দূরীকরণ ও শিশুর অন্ধত্ব প্রতিরোধে সরকারের এ উদ্যোগকে সফল করতে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে নির্ধারিত বয়সী সকল শিশুকে ভরাপেটে নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় স্বাস্থ্যকর্মীরা জানান, একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনের গুরুত্ব অপরিসীম। তাই কোনো শিশু যেন এ কার্যক্রমের বাইরে না থাকে, সে বিষয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Show More

Related Articles

Back to top button