টেন্ডারকৃত খালের পরিবর্তে বিধিবর্হিভুত ভাবে কাটা হলো সংরক্ষিত খাল

আসিফ কাজল:
খাল খননের উদ্বৃত্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের বিভিন্ন উপজেলার ইউএনও যখন প্রশংসায় ভাসছেন, ঠিক তখন ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অনিয়ম ও অনধিকারচর্চার উল্টো চিত্র সামনে এসেছে। অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভুয়া শ্রমিকের নাম দেখিয়ে খাল খননের টাকা পকেটস্থ করার অভিযোগে চরম ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় উপকারভোগীরা। খাল খননের সিংহভাগ টাকা ভাগাভাগী করে নেওয়া অভিযোগ পাওয়া গেছে পিআইও, দুই প্রকল্প সভাপতি ও কতিপয় নেতার বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, শ্রমিকের পরিবর্তে এস্কেভেটর ও অনুমোদিত ড্রেনেজ খালের পরিবর্তে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংরক্ষিত জিকে সেচ প্রকল্পের টার্শিয়ারি সেচ খাল খননের নামে ভুয়া শ্রমিকের নাম দিয়ে বেশির ভাগ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এছাড়া টেন্ডারকৃত খালের পরিবর্তে অন্য খাল খননে কোনো অনুমোদিত নকশা অনুসরণ করা হয়নি, অধিকাংশ কাজ করা হয়েছে এস্কেভেটর দিয়ে এবং কাটা হয়েছে খালপাড়ের অসংখ্য গাছ। পরে নিয়ম ভেঙে খালপাড়ের ভেতরের অংশে লাগানো হয়েছে শত শত গাছের চারা।
হরিণাকুন্ডু প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ২০২৫-২৬ অর্থবছরের আওতায় ডি-১২এক্সকে ড্রেনেজ খাল এবং কেসমত ঘোড়াগাছা গ্রামে ১-ডি-১১-এন ড্রেনেজ খাল খননের অনুমোদন ছিল। খাল দুইটির মোট বরাদ্দ ছিল এক কোটি ৫৮ লাখ টাকা। জোড়াদহ জটার খাল খননে ২৯৩ জন শ্রমিক ও কেসমত ঘোড়াগাছা (কাটাখাল) খালে ৭৮ জন শ্রমিক দিয়ে কাজ করার কথা ছিল। কিন্তু কোন খালই শ্রমিক দিয়ে কাটা হয়নি। অন্যদিকে অনুমোদিত ১-ডি-১১-এন খালের পরিবর্তে বিধিবহির্ভুত ভাবে পানি উন্নয়নবোর্ডের শিতলী ও পায়রাডাঙ্গা এলাকায় প্রায় ১ দশমিক ৩ কিলোমিটার সংরক্ষিত টার্শিয়ারি সেচ খাল খনন করা হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস জানান, এ ধরনের সংরক্ষিত সেচ খাল খনন করা যায় না; কেবল নির্ধারিত নকশা অনুযায়ী পুনঃআকৃতীকরণ করা যায়। কিন্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর কোনো নকশা বা কারিগরি মতামত চায়নি। এছাড়া খাল পাড়ের বাইরের অংশে গাছ লাগানোর নিয়ম থাকলেও ভেতরের অংশে গাছ লাগানো হয়েছে, যা ভবিষ্যতে সেচের পানিপ্রবাহে বাধা সৃষ্টি করতে পারে।
খালপাড়ের বাসিন্দা হরিণাকুন্ডু উপজেলার হরিশপুর গ্রামের রেজাউল ইসলাম ও ফারুক হোসেন অভিযোগ করেন, জটার খালের অধিকাংশ মাটি স্কেভেটর দিয়ে কাটা হয়েছে, সেখানে কোন শ্রমিক ছিল না। খাল কাটার নামে নষ্ট ও পিআইও আজিজসহ কিছু মানুষকে মোটাতাজাকরণ করা হয়েছে। আগে খালে পানি থাকতো এখন খননের পরও পানি থাকে না। তারা বলেন, কোথাও খাল অতিরিক্ত গভীর, কোথাও উঁচু হওয়ায় সেচের পানি কৃষিজমিতে পৌঁছানো কঠিন হবে। খননের সময় খালপাড়ের ফলদ ও বনজ গাছ কেটে ফেলা হয়েছে।
শিতলী গ্রামের কৃষক নজরুল ইসলাম বলেন, “যেভাবে খাল খনন করা হয়েছে, তাতে জমিতে সেচের পানি পৌঁছাবে বলে মনে হয় না।” কৃষক ওহিদুল ইসলাম বলেন, “খাল জমির চেয়ে বেশি গভীর হয়ে গেছে। এতে পানি মাঠে উঠবে না।”
এসব প্রকল্পে দুইজন পিআইসি থাকলেও তারা ছিলেন মুলত কাগজে কলমে। পিআইসি রবিউল ও আনিছুর রহমান বলেন, এসব বিষয়ে পিআইও আজিজুর রহমান ভালো বলতে পারবেন। টাকা উত্তোলন ও ভাগাভাগীতে আমরা জড়িত নয়। তবে শ্রমিক সংক্রান্ত প্রশ্নের জবাব তারা এড়িয়ে যান।
হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন জানান, আমি টেকানিক্যাল টিমের সার্ভেয়ার রিপোর্ট মোতাবেক বিল দিয়েছি। তবে শ্রমিকদের তালিকা নিয়ে ঘাপলা আছে। সেটা জানিয়ে আমরা জেলা প্রশাকের কাছে রিপোর্ট দিয়েছি। তিনি বলেন পিআইও যা করেছে তা কাগজপত্র ঠিক করেই করেছে। এটা বুঝতে পেরে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য মন্ত্রনালয়ে রিপোর্ট করা হবে।
বিষয়টি নিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান বলেন, খাল খননে কোন অনিয়ম বা দুর্নীতি হয়নি, তবে এক খালের পরিবর্তে অন্য খাল কাটা হলেও সেটা প্রকল্প সংশোধনসহ অনুমতির জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, খাল খননে অভিযোগের বিষয়টি বিভিন্ন মহল থেকে পেয়েছি। এনিয়ে পত্রিকা ও সামাজিক মাধ্যমে খবরও বেরিয়েছে। তিনি বলেন তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



