কালীগঞ্জে মোবাইল কোর্টে ৪ মাংস ব্যবসায়ীর ৪৫ হাজার টাকা জরিমানা

স্ট্যাফ রিপোর্টারঃ
ঝিনাইদহের কালীগঞ্জ বাজারে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ২৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে চারজন মাংস ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একজন মাংস ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা এবং আরও তিনজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাজারের মাংস বিক্রির পরিবেশ, স্বাস্থ্যবিধি অনুসরণ, পশু জবাইয়ের নিয়ম এবং মাংস সংরক্ষণের বিষয়গুলোও পর্যবেক্ষণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। কোনো ব্যবসায়ী আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মোবাইল কোর্ট পরিচালনার খবরে বাজারে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা মনে করছেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি বন্ধ হবে এবং ভোক্তারা নিরাপদ ও মানসম্মত মাংস কিনতে পারবেন।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে বাজার তদারকি, স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



