ঝিনাইদহের খবর

আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন

ঝিনাইদহ অফিস:
জুলাই শহীদ দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত জুলাই যোদ্ধা ও নিহত পরিবারের সদস্যরা সভা বর্জনের দাবি করেছেন।
‎
‎জুলাই যোদ্ধা রিহান হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্লা, জাহিদুল ইসলামসহ কয়েকজনকে উপস্থিত দেখতে পাওয়ার পর তারা প্রতিবাদস্বরূপ সভা থেকে বেরিয়ে আসেন। তার দাবি, ফ্যাসিস্টদের উপস্থিতি জুলাই শহীদ দিবসের আয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
‎
‎এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমান, রাকিবুল ইসলাম খান দীপু, জুলাই গেজেটপ্রাপ্ত যোদ্ধা রাহাত হোসেন, রাশেদ আহমেদ নবাব, লিমন হোসেন, সজীব, নাহিদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
‎
‎এ বিষয়ে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান বলেন, সংশ্লিষ্ট আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের তিনি আমন্ত্রণ জানাননি। তারা কীভাবে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তা তার জানা নেই। পরে তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন বলেও জানান তিনি।

‎তবে জুলাই যোদ্ধারা সভা বর্জন করেছেন এমন দাবি সঠিক নয় বলেও মন্তব্য করেন ইউএনও।

Show More

Related Articles

Back to top button